গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
পরে জব্দ করা বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শংকরপাশা এলাকার একটি গোডাউনে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছিল। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে কারখানার মালিকের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।