গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে যুবককে মারধর করে প্রতিপক্ষ। তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগের দিন উপজেলার বর্ষাপাড়া গ্রামের বাড়ি থেকে মারপিট করে আহত করা হয়।
জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।
গতকাল সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।