বগুড়ায় তারেক রহমানের গড়া পার্কে স্বপ্নযাত্রার নতুন সূচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতেগড়া বগুড়ার সদর উপজেলার ঐতিহাসিক শাকপালা পার্কের উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল শুক্রবার বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক গতি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কটির সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, এই পার্কটি আধুনিকায়ন করা হবে। বগুড়া পৌরসভা কাজ করেছে, এখন কাজ করবে সড়ক ও জনপথ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই পার্কটি তৈরি করেছিলেন। তা এতদিন অবহেলিত ছিল। নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে পার্কটির।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া এ শাকপালা পার্কটি এক সময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে পূর্ববর্তী হাসিনা সরকারের সময়ে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে পার্কটি জঞ্জালে পরিণত হয়।

পরবর্তীতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে এক বৈঠকে এ পার্কের স্মৃতিচারণ করেন তারেক রহমান। সেই প্রেক্ষাপটে পার্কটির উন্নয়ন ও পুনরুজ্জীবনে নতুন করে গুরুত্ব আরোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকাবাসী মনে করছেন, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শাকপালা পার্ক আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং এটি হয়ে উঠবে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।

এদিকে দুপুরে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান এলাকায় জাতীয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।