সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করে। মনে করে বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি চলে যাবে, অতীতে অনেকে এ রকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিল, বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবে না, তারাই কিন্তু আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি, বিএনপি আত্মসমর্পণ করার দল না। গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমুরে পাউশগাড়া স্কুল মাঠে খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা এখনো এমন দুঃস্বপ্ন দেখছেন যে, ইচ্ছা করলেই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, তাদের উদ্দেশ্য বলি বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মধ্যে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি, বিএনপি আত্মসমর্পণ করার দল না। শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেননি, আপসও করেননি এবং জনগণকে ফেলে পালিয়েও যাননি। কাজেই বিএনপি জনগণের দল। তাই যারা বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করেন, তারা গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন, জনগণ যাদের দায়িত্ব দেবে তারাই দায়িত্ব পালন করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। জনগণ জানে এই জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়।
খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী লাবুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।