ঢাকার রমনা থেকে বগুড়ার সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি, জাতীয় পার্টির নেতা ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রাত সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা এবং মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা শিবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।