ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধে আলম মিয়া (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকা-ে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গফরগাঁও উপজেলার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া একজন রিকশাচালক। আটককৃতরা হলেন মো. আব্দুল কাদের (৫৫), মোহা. মাজহারুল (৩০) ও মোহা. ইমরান ইসলাম (২৫)। গ্রেপ্তার প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত আলম মিয়ার পরিবারের সঙ্গে আমান মিয়ার পরিবারের দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ভিকটিম আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমকে মারধর করেন। এ ঘটনার জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। এতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।