রুমিন ফারহানা বললেন

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৮ মাস অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে আমরা এগুলো দেখেছি।

তিনি বলেন, আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবে, এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন হবে, বাউল গানও হবে।

গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ. ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

রুমিন ফারহানা বলেন, আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না। তবে, আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের এক দিন পরেও সিলেটে এ রকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে।