পাটুরিয়ায় ফেরির সাইলেন্সারে আগুন

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের ব্যস্ত সময়ে ফেরিটি ঘাটে অবস্থান করছিল। হঠাৎ ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান জানান, ঘটনাটি ফেরির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও এদিন আগুনের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ডিজিএম আব্দুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ধোঁয়া নির্গমনের লাইনে জমে থাকা কার্বন অপসারণের কাজ শেষে অল্প সময়ের মধ্যেই ফেরিটিকে পুনরায় চলাচলের উপযোগী করা হবে।