পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা ‘অপরাধ’ এবং এর জন্য ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সম্প্রতি ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে রয়েছে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র ও ভারী পানির চুল্লি। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানাও হামলার শিকার হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, শুক্রবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি ছিল। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায়ও হামলার খবর পাওয়া গেছে।

আরাগচি তার পোস্টে লিখেন, ইসরায়েল এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বাড়ানোর কথা বলেছেন, তার সঙ্গে ইসরায়েলের এই পদক্ষেপ সাংঘর্ষিক।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, এই হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে ‘চড়া মূল্য’ আদায় করবে ইরান।

এদিকে এই হামলা এমন সময় হলো, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা কিছুটা স্থগিত রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।