ঝড়-বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার (১৭ মার্চ) রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। পরে শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় ও তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ে। নদীতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই। বৈরী আবহাওয়া কেটে গেলে সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
