৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফনদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে ।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার সময় শাহ পরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় ৩ নৌকাসহ ১৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের ইউপি সদস্য আবদুল মান্নান। 

আটক জেলেরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান,মো. ফরিদ হোসেন, মো. রবিউল হাসান, মো. কালাম, মো. হোসেন আহমদ, মো. মীর কাশেম আলী,  মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন,  মো. মহিউদ্দিন, মো. মলা কালু মিয়া , মো. আবু তাহের, মো. আবদুল খালেক, মো. জাবের মিয়া। আটক জেলেদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ মাঝেরপাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামের বলে জানা গেছে । 

ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪ টার সময় তাদের ঘাটের ইঞ্জিল চালিত কিছু নৌকা নাফ নদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭ টার দিকে মাছ ধরার সময় বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে অস্ত্রের মুখে ৩ টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান,  বিষয়টি নৌকার মালিক ও জেলে পরিবারের কাছ থেকে এখনও লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায় নি। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।