মিয়ানমারে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ৪১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে নাফ নদীর শূন্যলাইন থেকে বিজিবির একটি প্রতিনিধিদল ওই জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায় এবং মিয়ানমারের অভ্যন্তরে নিজস্ব নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে বন্দি রাখে।

ভুক্তভোগী জেলে পরিবারগুলোর দুর্দশার কথা বিবেচনা করে বিজিবি মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে ৪১ জন জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

টেকনাফ জেটিঘাটে আনার পর স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রিয়জনদের ফিরে পাওয়ার খবরে জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

বিজিবির তথ্যমতে, ৪১ জনসহ চলতি ২০২৬ সালে নভেম্বর মাস পর্যন্ত মিয়ানমার থেকে ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যাদের অধিকাংশই গভীর সমুদ্র থেকে ফেরার পথে আটক হয়েছিলেন। মিয়ানমারে আটক থাকা অবশিষ্ট জেলেদেরও নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিজিবির পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টায় আজ এই জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের মহাপরিচালকের ভিশন ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’-এই প্রত্যয় ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো মানবিক সংকট মোকাবিলায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত