সীতাকুণ্ডে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার ২০

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ কর্মকর্তা আব্দুল  মোতালেব হত্যা মামলায় ২০জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র‌্যাব-৭  ১৩ জন এবং  জেলা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। সর্বশেষ শুক্রবার নোয়াখালীর কবিরহাট  থেকে পারভেজ (৩৫), চট্টগ্রাম নগরের পাহাড়তলী  থেকে  বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলাম (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি নগরের চান্দগাঁও এলাকা থেকে সেকান্দর মিয়াকে(৪৩)গ্রেপ্তার করা হয়। এর আগে জানুয়ারি মাসে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯),আলীরাজ হাসান(২৮), মিজান (৫৩), মামুন(৩৮), শাহজাহান(৫৩) ও শফিকুল ইসলামসহ(৫১) আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।

প্রসঙ্গত, গত ১৯জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানকালে র‌্যাব-৭ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলাটি ২২ জানুয়ারি দায়ের করা হয়।