ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছরের শিশু তাসমিয়ার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে ১১টায় নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর ডিগ্রীর চর এলাকায় থেকে কার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের জিন্নাহ মিয়ার মেয়ে।
পুলিশ ও শিশু পরিবার জানায়, যশোরের শাহবাজপুর গ্রামের তাসমিয়া পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষ্যে নানাবাড়ী লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে যায়। গত ২৬ মার্চ সকালে উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে ঘুরতে যান। সেখানে নদীতে গোসল করাসহ আনন্দ শেষে দুপুরের পর পরিবারের সদস্যরা ট্রলারযোগে নদীর তীরে ফিরে আসেন। এসময় তাসমিয়াকে না পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পুনরায় বালুচরে গিয়ে খুঁজতে থাকবেন। কিন্তু সন্ধান না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় নিখোঁজের দুদিন পর শনিবার সকালে মধুমতি নদীর ডিগ্রীরচর এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে মরদেহ বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।