রংপুরের গঙ্গাচড়ায় অটোচালক মোকলেছুর রহমানের (৫৫) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকায় নওশা মিয়া নামে এক পুলিশ সদস্যের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির কাজকর্ম শেষ করে খাওয়া-দাওয়া সেরে নিজের অটোরিকশা নিয়ে বের হন মোকলেছুর রহমান। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। রাত সাড়ে ৯টার দিকে কাউয়াফান্দা এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এক পথচারী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির লাইটের আলোয় বাড়ির সামনে একজনকে পড়ে থাকতে দেখেন। তিনি ছটফট করছিলেন। বাড়ির গেটেও রক্তের ছাপ দেখতে পান ওই ব্যক্তি। তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসে।
নিহত মোকলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে অটো ছিনতাইয়ের কারণে হত্যা করা হয় নাই। আমার বাবাকে জমি সংক্রান্ত জেরে হত্যা করেছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।