গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবু সালেম প্রধান নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবু সালেম প্রধান (২৮) উপজেলার মধ্য মীরপাড়া গ্রামের ইশাহাক প্রধানের ছেলে ও ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলার বাগান রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন সেই বাগান ঘেঁষে একটি গাছের সঙ্গে গলায় লুঙ্গি প্যাঁচানো ঝুলন্ত একটি মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর পাঠান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। এসময় আবু সালেম প্রধানের মরদেহ শনাক্ত করেন তার চাচাতো ভাই কহিদ মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।