মঠবাড়িয়া পৌর সাবেক প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় সাবেক প্যানেল মেয়র হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকার নিজ বাসা থেকে শুক্রবার (২৭ মার্চ) রাতে সাবেক প্যানেল মেয়রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মৃত আ.খালেকের ছেলে সাবেক প্যানেল মেয়র মো. হারুন অর রশিদ বা হারুন কমিশনার (৪৫), মিরুখালী  এলাকার বিজন কুমার চৌধুরী (৪০), কলেজ রোড এলাকার মো. শহিদুল ইসলাম মনির (৪২), সবুজনগর এলাকার মো.শহীদ গাজী (৪২), বড় মাছুয়া ইউনিয়নের মীর মিনহাজুল ইসলাম (২৭)।

ডিবি পুলিশ জানায়, হারুন কমিশনারের পুরাতন বসত ভবনের নিচ তলায় মাদক কেনাবেচা চলছে এমন  এমন খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। একপার্যায়ে হারুন কমিশনার ভবনের ছাদে উঠে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপস্থিত পুলিশ সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

​মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি, তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।