ফুটবল মাঠের জয় কি টেবিলের সিদ্ধান্তে মুছে ফেলা সম্ভব? এই প্রশ্নটিই এখন বিশ্ব ফুটবলের সবথেকে বড় আলোচনার বিষয়। গত জানুয়ারিতে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল। কিন্তু এক সপ্তাহ আগে এক দাপ্তরিক সিদ্ধান্তে সেই শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। তবে সিএএফ-এর সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার প্যারিসে এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে সেনেগাল।
শনিবার প্যারিসের স্টাড ডি ফ্রান্সে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সেনেগাল দল সেই বিতর্কিত ট্রফিটি নিয়েই মাঠে প্রবেশ করে। ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে মিউজিক স্টার ইউসু এন'দোর-এর কনসার্টের মাধ্যমে এক বিশাল উৎসব পালন করা হয়। আইনি নিষেধাজ্ঞা এবং মরক্কোর আইনজীবীদের হুঁশিয়ারি উপেক্ষা করেই কোচ পাপে থিয়াও এবং অধিনায়ক কালিদু কুলিবালি ট্রফিটি উঁচিয়ে ধরেন। ইনজুরির কারণে দলের সেরা তারকা সাদিও মানে না থাকলেও গ্যালারিতে সেনেগালিজ সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
গত ১৮ জানুয়ারি ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেওয়া হলে সেনেগালের খেলোয়াড়রা রেফারির অনুমতি ছাড়াই মাঠ ত্যাগ করেছিলেন (যদিও পরে তারা ফিরে আসেন এবং ইব্রাহিম দিয়াজ সেই পেনাল্টি মিস করেন)। মরক্কো ফুটবল ফেডারেশনের আপিলের ভিত্তিতে সিএএফ নিয়ম ভঙ্গের দায়ে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
এই সিদ্ধান্তকে "ইতিহাসের সবথেকে বড় প্রশাসনিক ডাকাতি" হিসেবে আখ্যা দিয়েছেন সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল। তারা ইতিধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত-এ আপিল করেছে। সেনেগালের দাবি, মাঠের জয় মাঠেই থাকা উচিত, টেবিলের সিদ্ধান্তে নয়।