দেশের নন-লাইফ বীমা খাতে দাবি নিষ্পত্তিতে বড় ধরনের ধীরগতির চিত্র উঠে এসেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সর্বশেষ প্রতিবেদনে। ২০২৫ সালে উত্থাপিত মোট বীমা দাবির মাত্র ৮ দশমিক ৫৬ শতাংশ পরিশোধ করা হয়েছে, বিপরীতে ৯১ দশমিক ৪২ শতাংশ দাবি এখনো অনিষ্পন্ন রয়ে গেছে।
আইডিআরএ প্রকাশিত চারটি ত্রৈমাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির তথ্য বিশ্লেষণে দেখা যায়-২০২৫ সালের শেষে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৯৯ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন করে ১৭৪০ কোটি ৩৭ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করা হয়। এর সঙ্গে আগের বছরের (২০২৪) ডিসেম্বর শেষে থাকা ৩০৫৫ কোটি ৮০ লাখ টাকার অনিষ্পন্ন দাবি যুক্ত হয়ে মোট দায়ের পরিমাণ আরও বেড়ে যায়। এ অবস্থায় ২০২৫ সালে মোট ১২৪২ কোটি ২৫ লাখ টাকার দাবি পরিশোধ করেছে বীমা কোম্পানিগুলো। তবে এ পরিমাণ পরিশোধ সামগ্রিক দাবির তুলনায় খুবই কম, ফলে খাতটিতে অনিষ্পন্ন দাবির চাপ বেড়েই চলেছে।