সার্ক কৃষি কেন্দ্রের সমন্বয় সভা

টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থাপনার লক্ষ্যে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম

২০২৭ সালের সম্ভাব্য যৌথ কর্মসূচি ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কৃষি, খাদ্যব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও জনসম্পৃক্ত উন্নয়ন নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্যব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার এবং যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কার্যকর ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।’ সার্কভুক্ত দেশগুলোর কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সভায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন- বাংলাদেশ, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, হারভেস্টপ্লাস, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন, বাংলাদেশ, এসিআই, স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড, আরএসবি প্রপার্টিজ লিমিটেড, শিশুক, ওয়েভ ফাউন্ডেশন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), ওয়েলথাঙ্গারহিলফে, টিএমএসএস, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, ফিশটেক হ্যাচারি, রুট এগ্রোভেট, সুশীলন ও নিরিবিলি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ২০২৭ সালে সার্ক কৃষি কেন্দ্র ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য যৌথ কর্মসূচি ও সহযোগিতামূলক উদ্যোগ চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের অগ্রাধিকার, অভিজ্ঞতা, দক্ষতা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত