পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এমনকি কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গতকাল শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতিমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে। খাদ্য মজুদের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তার সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতও সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ।’
দেশে বর্তমানে সার সংকট নেই
দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সারের কোনো সংকট নেই। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুদ থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।’