খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গত শুক্রবার রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তার স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত খুরশিদাকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় তার পিতা খোকন শিকদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে গতকাল শনিবার সকালে পুলিশ খোকন শিকাদারকে গ্রেপ্তার করে। খোকন বেশকিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগে ছিল। রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে নীলফামারীর জলঢাকা উপজেলায় যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে অটোভ্যান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার তিস্তা সেচ ক্যানেলের পাশে ধানক্ষেত থেকে মমিনুর ইসলাম মহাবীর (১৫) নামে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মমিনুর জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জলঢাকা থানা পুলিশের ওসি নাজমুল আলম জানান, বিষয়টি তদন্ত করছি, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।