যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ কর্মস্থল রাজধানীতে ফিরতে থাকায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা। গতকাল শনিবার সকালে বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, তারা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছেন।