পেঁয়াজ বীজে স্বপ্ন বুনছেন চাষিরা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথমবারের মতো চাষ করা হয়েছে পেঁয়াজ বীজ। সফল উৎপাদন নিয়ে নতুন স্বপ্ন দেখছেন চাষিরা। মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নোয়াগাঁও ব্লকের নেয়ামতপুর গ্রামে কৃষক ফাহিম মিয়ার ১বিঘা জমিতে পরীক্ষা মূলকভাবে চাষ করা হয়েছে বারি-১ জাতের পেঁয়াজ বীজ। প্রথমবারের মতো এই পেঁয়াজ বীজ চাষে সফলতার দ্বারপ্রান্তে মুরাদনগর কৃষি বিভাগ। আগে দেশের বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ বীজ সংগ্রহ করে চাষ করতে হতো চাষিদের। বীজ সংগ্রহে বিড়ম্বনায় পেঁয়াজ চাষে অনাগ্রহী ছিলেন অধিকাংশ কৃষক। এখন আর সেদিন নেই। নিজেরাই পেঁয়াজ বীজ চাষাবাদ করছেন। ফলে মুরাদনগরে পেঁয়াজ বীজ উৎপাদন হওয়ার নতুন দিগন্তের সূচনা হয়েছে এই এলাকার কৃষি খাতে। এই সূচনার মধ্য দিয়ে পেঁয়াজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মুরাদনগরের চাষিরা।

মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, এই অঞ্চলে পেঁয়াজ চাষ সহজ করতে উপজেলার নেয়ামতপুর এলাকায় সিড ভিলেজ প্রদর্শনীতে আমরা প্রথমবারের মতো পেঁয়াজ বীজ পরীক্ষামূলকভাবে উৎপাদন করছি। ১ বিঘা জমিতে বারি-১ জাতের পেঁয়াজ বীজ চাষ করা হয়েছে। আমরা প্রায় সফল হয়েছি। এই বীজ উৎপাদন মুরাদনগরের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।