জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছাত্রলীগের ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

শরীয়তপুরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। মামলায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাতবরকে প্রধান আসামি করে মোট ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরদিন রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দুই-তিনজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। ভিডিওটি পোস্ট করেন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাতবর নিজেই— যা নিয়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। 

তিনি বলেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে মহসিন মাতবরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে, মামলার অন্যতম আসামি রিয়াজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। অভিযুক্ত মহসিন মাতবর বর্তমানে আত্মগোপনে রয়েছেন।