রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার মধ্য রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেস সংলগ্ন সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বড়াইগ্রামে দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁওয়ের ঘটনায় পুলিশ জানায়, নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ইমন ও তার বন্ধু ওমর ফারুক রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক একই হাসপাতালে চিকিৎসাধীন।
ইমনের বোন জামাই মো. সাদ্দাম হোসেন বলেন, শুক্রবার রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে এলাকায় বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে খবর পাই তেজগাঁও এলাকায় দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তম আলী ম-লের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোরে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে রাজ্জাক মোড়ে এসে তিনি একজনের সঙ্গে দেখা করার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।