পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. সালাহ্ উদ্দিন রিপন শরীফ দাবি করেছেন যে অনিবন্ধিত একটি অনলাইন পোর্টালে তাকে নিয়ে প্রকাশ হওয়া সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রবিবার (২৯মার্চ) বিকেল সাড়ে ৪টায় লেবুখালী পুরাতন ফেরীঘাটের নিজস্ব অফিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘খবর পটুয়াখালী' নামের একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে গত ২৮ মার্চ 'চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন' শিরোনামে যে সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। তিনি জানান, জমিজমা সংক্রান্ত একটি বিরোধের জেরে দায়ের করা অভিযোগে পুলিশ দুইজনকে আটক করে, যাদের মধ্যে তার ভাতিজা শাহীন শরীফ রয়েছে।
বিষয়টি জানতে পেরে তিনি থানায় গিয়ে অভিযোগকারীর কাছ থেকে ঘটনার বিবরণ শুনে ভাতিজার সঙ্গে দেখা করে ফিরে আসেন। তিনি দাবি করেন, থানায় মামলা থাকায় আসামিদের ছাড়িয়ে নেওয়ার জন্য কোনো তদবির করেননি। এ বিষয়ে থানার ওসি প্রকৃত তথ্যের সাক্ষী বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে সঠিক তথ্য সহকারে সংবাদ প্রকাশের আহ্বান জানান।