দুমকিতে যুবদলের কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে, যা সংগঠনের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয় জমজম রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহবায়ক মো. জসিম উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত এ কমিটি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে করা হয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা কর্মীদের উপেক্ষা করা হয়েছে এবং নতুন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রশ্নবিদ্ধ। 

তিনি দাবি করেন, কমিটির সভাপতি হিসেবে মনোনীত ব্যক্তি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং অতীতে দলের কোনো কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেননি। এছাড়া সাধারণ সম্পাদকসহ একাধিক পদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তারা আরও বলেন, নতুন কমিটির কারণে স্থানীয় পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে যোগ্য ও পরীক্ষিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে নূতন কমিটিতে বিতর্কিত (ফ্যাসিস্ট ও তাদের দোসর) কে কে? সাংবাদিকদের এমন প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই সাবেক কমিটির বিভিন্ন পদে অন্তর্ভুক্ত ছিল- এমন প্রশ্নের জবাব এড়িয়ে তারা নিস্ক্রিয় ছিল বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির পদবঞ্চিত শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত