পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু

প্রায় তিন দশক পর পাল্টে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ভেন্যু। ২০২৯ সাল থেকে হলিউডের ডলবি থিয়েটার থেকে সরে গিয়ে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের ‘এল.এ. লাইভ’ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। 

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভ্যানু পরিবর্তনের সিদ্ধান্তকে ঘিরে বিনোদন জগতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন একাডেমির প্রবীণ সদস্য ব্রুস ফেল্ডম্যান।

১৯৮৬ সাল থেকে একাডেমির সদস্য হিসেবে যুক্ত থাকা ফেল্ডম্যান জানিয়েছেন, অস্কারের ভেন্যু পরিবর্তন নিয়ে অনেকেই হতাশ হলেও তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তার মতে, পরিবর্তন সব সময় খারাপ কিছু নয়। 

ফেল্ডম্যান আরও জানান, বর্তমান ভেন্যু ডলবি থিয়েটারে মাত্র ৩,৩০০ আসন রয়েছে। ফলে মনোনীত ব্যক্তি, তাদের পরিবার, উপস্থাপক এবং সংবাদমাধ্যমের ভিড়ে সাধারণ একাডেমির সদস্যরা লটারিতে নাম না উঠলে সেখানে যোগ দেওয়ার সুযোগ পেতেন না। কিন্তু নতুন ভেন্যু ‘পিকক থিয়েটার’-এ ৭,১০০-এর বেশি আসন রয়েছে। 

তিনি আশা করেন, বাড়তি আসনগুলোর বড় একটি অংশ সাধারণ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হবে। অস্কারের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থন করলেও একাডেমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রুস ফেল্ডম্যান। তিনি বলেন, ‘একাডেমি তার সদস্যদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করেছে। এত বড় একটি সিদ্ধান্তের আগে সদস্যদের মতামত নেওয়া উচিত ছিল।’