শার্শায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠানে ভাঙচুর

যশোরের শার্শায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কামাল হোসেন (২৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে জখম, তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার গোগা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী কামাল হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় হযরত আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। তাদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না। ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে হজরত আলী তাকে বাড়িতে ডেকে নিয়ে ৪০০ মণ রড ও ৩ হাজার বস্তা সিমেন্ট বাকিতে দাবি করেন। এতে অস্বীকৃতি জানিয়ে তিনি চলে আসেন। এরপর বিকেলে হজরত আলীর সহযোগীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা করতে হলে ওই টাকা দিতে হবে বলে হুমকি দেয়।

কামাল হোসেন বলেন, ‘সন্ধ্যায় হজরত আলী ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় টেবিল, গ্লাস, চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে এবং ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।’ প্রাণভয়ে তিনি থানায় মামলা করতে পারছেন না বলে জানান তিনি।

তবে হজরত আলী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহযোগিতা করেছে। ওই মামলায় আমার প্রায় ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।