ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। বেশ কিছু ফেসবুক গ্রুপ ও পোস্টে দাবি করা হয়, সিনেমাটি নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প অবলম্বনে নির্মিত। আর সেই দাবির সূত্র হিসেবে ব্যবহার করা হয় অভিনেতা জয় চৌধুরীর একটি বক্তব্য।
ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়, জয় চৌধুরীর নাম ব্যবহার করে একটি কার্ড তৈরি করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়- ‘বনলতা এক্সপ্রেস’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে পরে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জয় চৌধুরী। তিনি জানান, এ ধরনের তথ্য সঠিক নয় এবং এটি তার একটি ভুল মন্তব্যের ফল। জয় বলেন, “আমি ভুল বলেছিলাম। আমি অন্যের দেওয়া তথ্যকে যাচাই না করেই প্রাধান্য দিয়েছিলাম।” তার এই স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্র।