জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জামালপুর জেলা জজ আদালতে পৃথক জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর মধ্যে মাদারগঞ্জের চার মামলায় ২৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের চার নেতাকর্মী আদালতে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া মাদারগঞ্জের নেতাকর্মীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম রয়েছেন।
কারাগারে পাঠানো বকশীগঞ্জের নেতাকর্মীদের মধ্যে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস আলী রয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের করা দুটি মামলা এবং পুলিশের একটি মামলাসহ চারটি মামলায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ওই ২৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।
এ ছাড়া নাশকতার মামলায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।