জেলের জালে উঠে এলো স্কুলছাত্রের মরদেহ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে মো. আরাফাত নামে এক স্কুলছাত্রের উঠে এসেছে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর দুইদিন আগে ২৭ মার্চ উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাত।

নিহত মো.আরাফাত (১৬) শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় জানায়, সোমবার (২৯ মার্চ) দুপুর আড়াইটায় শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র আরাফাত চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়। ঘটনার পরপরই লৌহজং ফায়ার সার্ভিস, মাওয়া নৌপুলিশ ও মাওয়া কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুইদিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।