গাইবান্ধায় পেট্রল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় জ্বালানি তেলের ফিলিং স্টেশনে পেট্রল না পেয়ে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটরসাইকেল চালকরা। মঙ্গলবার (৩১ র্মাচ) সকাল সাড়ে ৯টার দিকে বাসস্ট্যাণ্ড এলাকায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেওয়া নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে গাইবান্ধা পৌরসভার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অবস্থিত আর রহমান ফিলিং স্টেশনে পেট্রল নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন মোটরসাইকেলের চালকেরা। পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পেট্রল পাম্পের মেশিন বিকল হয়েছে জানালে মোটরসাইকেলের চালকেরা স্টেশনের সামনে আঞ্চলিক মহাসড়কের ওপর মোটরসাইকেল রেখে সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

এবিষয়ে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু জানান, অল্প সময়ের জন্য সড়ক বন্ধ ছিল। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকদের বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে শহর ঘুরে দেখা গেছে, গাইবান্ধা পৌরসভায় চারটি পাম্পের তিনটি বন্ধ। একটিতে মেশিন নষ্ট। ফিলিং স্টেশনে মোটরসাইকেলের চালকদের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে অনেক মোটরসাইকেলের চালককে পাম্প থেকে ফিরে যেতে দেখা যায়। জেলার অন্যগুলো ফিলিং স্টেশনগুলোও দিনভর বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

বাসটার্মিনাল এলাকায় কাদির অ্যান্ড সন্সের ব্যবস্থাপক রোকন মিয়া বললেন, সরবরাহ না থাকায় সাময়িকভাবে পেট্রলপাম্প বন্ধ রাখা হয়। ডিপু থেকে তেল আসলে তেল সরবরাহ করা হবে।