হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মারা যায়।
মৃত শিশুর বয়স ছয় মাসের কম। তার বাড়ি কক্সবাজার জেলায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাম ছিল কি না তা ‘নিশ্চিত’ হওয়া যায়নি। এ জন্য শিশুটির নমুনা পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের সংশ্লিষ্টরা জানায়, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাতে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আজ সকাল ১০টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা শেষে সাতজনের হাম ও একজনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এই সময়ে চারজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। এর পাশাপাশি হামের লক্ষণযুক্ত ৭৫ রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।