সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রতারণা

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে বিভিন্ন নথি তৈরি করে ভূমি অফিসে প্রতারণার সময় আশরাফ উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিয়মিত মামলা করে প্রতারক চক্রের বাকি সদস্যদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গ্রেপ্তার করা আশরাফ উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া কান্দাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে একটি চক্র সাভার উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলা করেন। এ সময় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে মামলা করেন। এ ছাড়া একাধিক মামলায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে একটি চক্র মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

এ বিষয়ে সাভার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, মিসকেস শুনানির সময় মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন। পরে আশরাফ উদ্দিন এ রকম কর্মকা-ের কথা স্বীকার করেছে। এ সময় ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদ- ও একটি নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।