অভয়াশ্রমে মাছ ধরায় ১৭ জেলেকে জরিমানা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক।

দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন শেখ ফরিদ, মো. মাইনুদ্দিন, বিল্লাল হোসেন, মো. বশির, রাসেল সরকার, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, ফারুক আলম, জাহিদ হাসান, আব্বাস আলী, মো. ইসলাম, মো. ইব্রাহীম, মো. শামীম, মো. রফিক, ইয়াছিন মাল, মনির হোসেন ও মো. দ্বীন ইসলাম। এদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গত সোমবার বিকেল ৫টা থেকে গতকাল মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণাঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, সদরের আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১৭ জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকা এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।