নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বড় আকারের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম জয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। অভিযানকালে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের দোকান ও স্থাপনা ভেকু এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান বসানোয় এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, ভুলতা-গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে অসংখ্য দোকানপাট বসানো হয়েছিল, যা যানজট ও জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়ায়। সড়ক পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত টানা ১৫ দিন বা প্রয়োজন হলে তারও বেশি সময় এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ২০ জন আনসার সদস্য ও আরও ৩০ জন স্বেচ্ছাসেবী প্রতিদিন সড়ক দখলমুক্ত রাখতে কাজ করবে।