১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের এই অজগরটি লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে। সাপটি ঘরে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তখন বাড়ির বাসিন্দারা দেখ পায়। তবে আতঙ্কিত না হয়ে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের উপস্থিতিতে রাতেই এটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।