৪৫০ মিলিয়নের চুক্তিতে সেভিয়ার মালিক হতে যাচ্ছেন সার্জিও রামোস?

স্প্যানিশ ফুটবল ক্লাব সেভিয়ার ভবিষ্যৎ এখন ঘরের ছেলে সার্জিও রামোসের হাতে। রামোসের নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী ‘ফাইভ ইলেভেন ক্যাপিটাল’ ক্লাবটির ৭০ শতাংশ শেয়ার কেনার প্রক্রিয়ায় এখন চূড়ান্ত ধাপে রয়েছে। গত জানুয়ারিতে দেওয়া ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ইউরোর প্রস্তাবটি এখন ক্লাবটির অভ্যন্তরীণ হিসাব-নিকাশ বা ‘অডিট’ পরীক্ষার টেবিলে রয়েছে।

সেভিয়ার আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য নির্ধারিত সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে প্রাথমিক অডিট শেষে রামোসের দল জানতে পেরেছে যে ক্লাবটির অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। বর্তমানে সেভিয়ার ঋণের পরিমাণ ৮৮ মিলিয়ন ইউরো এবং গত অর্থ বছরে তাদের লোকসান হয়েছে ৫০ মিলিয়ন ইউরো। এই বাস্তবতায় রামোস তার প্রাথমিক ৪৫০ মিলিয়নের প্রস্তাব থেকে কিছুটা পিছিয়ে এসে দাম কমানোর (দর কষাকষি) পরিকল্পনা করছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত দরদাম শুরু হতে পারে।

সেভিয়ার বর্তমান সভাপতি হোসে মারিয়া দেল নিদো কারাসকো মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান, তিনি এই বিক্রয় প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি বলেন, ‘আমি জানি হিসাব-নিকাশ যাচাই করা হচ্ছে, তবে এই চুক্তি সফল হবে কি না তা আমি জানি না। এটি সম্পূর্ণ ক্রেতা ও বিক্রেতাদের বিষয়।’ উল্লেখ্য, ক্লাবটি বর্তমানে রেলিগেশন বা অবনমন অঞ্চল থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে রয়েছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে ক্লাবটি লুকবাকিও এবং বাডেকে ৭০ মিলিয়ন ইউরোতে বিক্রি করার কথা ভাবছে।

এর আগে আমেরিকার দুটি বিনিয়োগকারী দল এবং স্থানীয় ব্যবসায়ী আন্তোনিও লাপ্পির নেতৃত্বাধীন একটি গ্রুপ সেভিয়া কেনার আগ্রহ দেখালেও আর্থিক সংকটের কারণে পিছিয়ে যায়। বর্তমানে কেবল রামোসের ‘ফাইভ ইলেভেন ক্যাপিটাল’-এর প্রস্তাবই টিকে আছে। গত ৮ মার্চ সেভিয়া বনাম রায়ো ভায়েকানোর ম্যাচে রামোসের ব্যবসায়িক অংশীদার মার্টিন ইঙ্ককে স্টেডিয়ামে দেখা গেছে। ইঙ্ক জানিয়েছেন, ‘প্রক্রিয়াটি ইতিবাচকভাবেই এগোচ্ছে।’

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, সেভিয়া যদি দুর্ভাগ্যবশত এই মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমেও যায়, তবুও রামোস এবং তার প্রতিষ্ঠান ক্লাবটি কেনার সিদ্ধান্তে অনড়। রামোস মালিকানায় এলে ক্লাবের প্রশাসনিক দায়িত্বে তার ভূমিকা কী হবে, তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে।