সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষি উৎপাদনে সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসায়নিক সার ছাড়া আধুনিক কৃষি কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে।
বক্তারা আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দ্রুত এই নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুলসহ আবু নাহিদ লাবু।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।