মানবজীবনের চূড়ান্ত আকাক্সক্ষা হলো শান্তি ও মুক্তি। ইসলাম এই আকাক্সক্ষাকে একটি সুস্পষ্ট গন্তব্যে রূপ দিয়েছে, তা হলো জান্নাত। সেই জান্নাতে প্রবেশের পথ কী, তা সহজ ও সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মদিনায় আগমনের পর তিনি যে প্রথম দিকনির্দেশনা দেন, তা শুধু আধ্যাত্মিক নয়, বরং সামাজিক জীবনেরও পূর্ণাঙ্গ রূপরেখা ছিল। নবীজি (সা.) মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তোমরা সালামের প্রচার করো, অভাবীদের আহার দাও, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, তাহলেই তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। এই চারটি কাজই একে অপরের পরিপূরক এবং মানবিক সম্পর্ক ও আল্লাহর সঙ্গে সম্পর্ক উভয়টিকেই সুদৃঢ় করে।
প্রথমত, সালামের প্রচার করা। সালাম হলো শান্তি ও ভালোবাসার আহ্বান। এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং হৃদয়ের বিদ্বেষ দূর করে। কোরআনে বলা হয়েছে, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো, তখন শান্তির সম্ভাষণ (সালাম) দাও। (সুরা নুর ৬১) এই অভ্যাস সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করে।
দ্বিতীয়ত, অভাবীদের আহার করানো। এটি কেবল দান নয়, বরং সহমর্মিতার প্রকাশ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে সমতা ও ভালোবাসা তৈরি হয়। কোরআনে আল্লাহ খাদ্যদানকারীদের জন্য বিশেষ প্রতিদানের কথা উল্লেখ করেছেন। এমনকি নিজের পরিবারের জন্য ব্যয় করাও বড় সওয়াবের কাজ।
তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ইসলাম পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয়। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা ইমানের অংশ। নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। (সহিহ মুসলিম) এমনকি ভিন্ন ধর্মাবলম্বী আত্মীয়দের প্রতিও সদাচরণ করার নির্দেশনা রয়েছে।
চতুর্থত, রাতের নীরবতায় নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একান্তে ইবাদত করা ইমানের গভীরতার প্রমাণ। নবীজি (সা.) বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের (তাহাজ্জুদ) নামাজ। (সহিহ মুসলিম)
এই চারটি আমল মানুষের জীবনে ভালোবাসা, সহমর্মিতা ও আল্লাহর নৈকট্য এনে দেয়। এগুলো শুধু জান্নাতের পথই নয়, বরং একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনের ভিত্তিও বটে।
লেখক : ইসলামবিষয়ক গবেষক