মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) ও দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্তব্ধ হয়ে পড়েছেন গ্রামবাসী।
কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।