রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। একইসঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত, অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং রাজশাহীতে পদ্মা নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ রক্ষা, কৃষি ও কৃষককে বাঁচানোর জোর দাবি জানানো হয়েছে।
গতকাল বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এতে রাজশাহীর পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে অবিলম্বে বৃহত্তর রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত এক দশকে একাধিক সরকার এখানে নানা প্রকল্প নিলেও তার সুফল মিলছে না।
বাপা, রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপার রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী কলেজের শিক্ষক ও বাপা রাজশাহীর সহসভাপতি জুয়েল কিবরিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে হলেও নতুন চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।