মধু আহরণ মৌসুম উদ্বোধন 

মৌয়ালদের ঝুঁকিমুক্ত রাখতে আশ্বাস প্রতিমন্ত্রীর

সুন্দরবনে শুরু হলো মধু আহরণ মৌসুম। বননির্ভর হাজারো মৌয়ালের জীবিকার এই গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখে নিরাপত্তা জোরদারসহ সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। গতকাল বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা করা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মৌয়ালরা বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও সার্বিক নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে এবং বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বনদস্যু দমনে অভিযান কার্যক্রমের সূচনা করেন।

বিকেলে প্রতিমন্ত্রী সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।