ম্যাক্সওয়েল-মিলারের শেষের শুরু

গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড মিলার, টি-টোয়েন্টি ক্রিকেটে চাহিদাসম্পন্ন এই দুই বিস্ফোরক ব্যাটসম্যানকেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলেছে নিজ নিজ ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নেই ম্যাক্সওয়েল, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে মিলারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী আসরকে মাথায় রেখে তরুণদের সুযোগ দিতেই হয়তো ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল আর ৩৬ বছর বয়সী মিলারকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে হাভিয়ের বার্টল্যান্ড, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস,ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কাহুনাম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পাকে। ম্যাক্সওয়েল ছাড়াও আগের বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন স্যাম কনস্টাস, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট, অবসর নেওয়ায় চুক্তিতে রাখা হয়নি উসমান খাজাকে। আসছে ১২ মাসে অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলবে; মধ্যে দেশে বাংলাদেশের বিপক্ষে ২টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি, ভারতের মাটিতে ৫টি, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩টি ও দেশে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দেড়শ বছর পূর্তির স্মারক টেস্ট অন্তর্ভুক্ত।