শরীফুল নয় কেন্টে খালেদ

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম

হাসান মাহমুদ আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে। চলতি মৌসুমে দলটির হয়ে দুটি ম্যাচও খেলেছেন এই ডানহাতি পেসার। বাকি ৪ ম্যাচের জন্য সঙ্গে শরীফুল ইসলামেরও সেখানে যোগ দেওয়ার কথা ছিল। তবে জাতীয় দলের হয়ে তিন সংস্করণে নিয়মিত খেলায় এই বাঁহাতি পেসারের চোটের ঝুঁকি এড়াতে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য আরেক পেসার খালেদ আহমেদকে দলে নিয়েছে কেন্ট।

খালেদ আহমেদের ছাড়পত্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে যেহেতু এ ডানহাতি পেসার শুধু বাংলাদেশের হয়ে টেস্টে খেলেন, এ জন্য তার ‘ওয়ার্কলোড’ নিয়ে খুব বেশি চিন্তা নেই বোর্ডের। শরীফুলের প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘এমনিতে তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে এ মুহূর্তে বিদেশি লিগ বা অন্য কোনো প্রতিযোগিতায় খেলার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে না। হাসানের এসব ইস্যু নেই। তার আগে থেকেই ছাড়পত্র নেওয়া আছে। অন্য কেউ অনুমতি চাইলে সেটা আমরা বিবেচনা করব।’

চলতি বছর জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ছাড়পত্র পাচ্ছেন না শরীফুল। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। এ জন্য তাকে নিয়ে সতর্ক বিসিবি। শরীফুলকে ছাড়পত্র না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন নাফীস, ‘শরীফুলের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সে কিছু দিন আগে চোটের কারণে দলের বাইরে ছিল এবং সম্প্রতি মাঠে ফিরেছে। কাউন্টি ক্রিকেটে তার ৪টি ম্যাচ খেলার কথা। এই ধরনের লিগে সাধারণত বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে দলগুলো। শরীফুলের বর্তমান শারীরিক অবস্থা এবং সামনে থাকা আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনা করে তাকে জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত