শ্যামপুরে স্টিল কারখানায় কাজের সময় ৮ শ্রমিক দগ্ধ

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে আরএমএম নামে একটি স্টিল কারখানায় কাজের সময়ে বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গতকাল বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেনÑ মো. হিরা , খলিলুর রহমান, রজব আলী, মতিউর রহমান, আরশেদ মিয়া, লিটন মিয়া, মানিক মিয়া ও ইউসুফ মিয়া।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী শহিদুল ইসলাম বলেন, সকালে তারা কারখানার বয়লারে লোহা গালানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সঙ্গে কোনো খারাপ লোহা বয়লারে দেওয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে আট শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে মো. হিরা ১৭ শতাংশ, খলিলুর রহমান ৯, রজব আলী ৪, মতিউর রহমান ১০, আরশেদ মিয়া ১১, লিটন ৭, মানিক মিয়ার ৪০ শতাংশ এবং ইউসুফ মিয়ার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে হীরা ও মানিককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।