দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব পরিবার

ফরিদপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দুই সন্তান হারিয়ে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশন এলাকায়। তাদের হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছাকাছি এলাকায় দুপুর ২টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন ওই এলাকায় প্রবেশ করলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) রেললাইনের খুব কাছে এলে মুহূর্তের মধ্যেই তারা ট্রেনের নিচে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাদের মৃত্যু হয়। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা ছুটে গিয়ে শিশুদের নিথর দেহ উদ্ধার করে এবং পুলিশ ও তাদের পরিবারকে জানায়।

আকাশ শেখ জানান, তার যমজ দুই শিশুসহ স্থানীয় আরও কয়েক শিশু মিলে প্রতিদিনের মতো বাড়ির পাশে উঠানে খেলা করছিল। তিনি কাজে বের হয়ে গিয়েছিলেন এবং যমজ শিশু দুটির মা রান্নাবান্নার কাজে ব্যস্ত সময় পার করছিলেন। বেলা ২টার দিকে খেলাধুলার ফাঁকে যমজ দুই ভাই রেললাইনের ওপর উঠে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন চলে আসে। মুহূর্তের মধ্যেই তারা ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যদিও আশপাশে স্থানীয় প্রতিবেশীরা ছিল। তবে কেউ কিছু বুঝে ওঠার আগে দ্রুতগতির ট্রেনটি যমজ শিশুদের দেহ ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে শিশুদের নিথরদেহ উদ্ধার করে পুলিশ ও পরিবারকে জানায়।