ইরানের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আর এ সংকট কাজে লাগিয়ে এক শ্রেণির ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকার পরও অবৈধ মজুদের প্রভাবে পেট্রোল পাম্পগুলোয় দেখা যাচ্ছে গাড়ির সারি। জ্বালানির জন্য কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূলত অবৈধ মজুদ ও কালোবাজারির কারণেই তৈরি হচ্ছে সংকট। আর এই সংকট নিরসনে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসব অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে মজুদদারদের। প্রতিনিধিদের পাঠানো খবর
গোপালগঞ্জ : জেলার কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করেন।
উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরী নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলা : ভ্রাম্যমাণ আদালত ভোলার বিসিক শিল্প নগরীতে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে। অভিযানে প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার হয় এবং দুই প্রতিষ্ঠানের মালিককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
অভিযানে ‘খান ফ্লাওয়ার’ নামের একটি কারখানা থেকে ৩ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিক জামাল খানকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই শিল্প নগরীর ‘তৃষ্ণা বেকারি’ থেকে আরও প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দের ঘটনায় বেকারি মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব ডিজেল মজুদ করা হয়েছিল এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। জব্দকৃত ডিজেল বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিরোজপুর : জেলার ভান্ডারিয়ায় অবৈধভাবে মজুদ রাখা ৯৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠি ফকির বাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদাম ঘর থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং ভাণ্ডারিয়া থানার ওসি।
পুলিশ জানায়, প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীয়তপুর : জেলার নড়িয়ায় অবৈধভাবে মজুদ করায় ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পারে ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী জুয়েল অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল মজুদ করেছেন।
নীলফামারী : জেলার জলঢাকায় ড্রামে করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রি করার দায়ে আতাউর রহমান (৩২) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী সালটিতলা বাজার এলাকায় উপজেলা প্রশাসন, র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২, থানা-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংকট সময়ে ব্যবসায়ী আতাউর রহমান অবৈধভাবে ড্রামে করে তেল মজুদ করায় অভিযান চালিয়ে তার দোকানের গোডাউন থেকে ৫০ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।